ঢাকা

যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপ পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে: অর্থ উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন  অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা জানান, বুধবার (৯ জুলাই) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এ শুল্ক আরোপের বিষয়টি সরাসরি আলোচনায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমাদের বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে মাত্র ৫ বিলিয়ন ডলার। সেখানে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি যুক্তরাষ্ট্রকে বোঝানো হবে। আলোচনার মাধ্যমে এই শুল্ক হার কমিয়ে আনার সুযোগ রয়েছে।”

এর আগে, সোমবার (৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। তখন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল, যা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়। এর আগে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক আরোপিত হতো।

বিশ্লেষকদের মতে, এই শুল্ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানি খাত—বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও হস্তশিল্প—বিপাকে পড়তে পারে। তবে সরকারি পর্যায়ে চলমান কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স